নৌকাকে জিতাতে রায়পুরে মহিলা আ. লীগের সভা
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এ আয়োজন করেন।
রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবীর বাকী বিল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রায়পুরে পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাট, রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম মারুফ বিন জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, মহিলা আওয়ামী লীগের নেতা শামসুল নাহার লিলি, নাজমায়ারা মনি ও কোহিনুর বেগম। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে৷ আওয়ামী লীগ সরকার দেশে নারীদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। নারীরা আজ নির্ভয়ে চলাফেরা করতে পারে। নারীরা আজ চাকরিসহ সরকারি-বেসরকারি সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। এজন্য ভবিষ্যতেও নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। অতীত থেকে আওয়ামী লীগই নারীদের অধিকার রক্ষায় কাজ করছে।
প্রসঙ্গত, আগামি ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ ৫ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।