নোয়াখালীতে ৯টিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
চতুর্থ ধাপে নোয়াখালী সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নের ৯টিতে নৌকা এবং ৬ টিতে আওয়ামী লীগ বিদ্রোহী ও একটিতে বিএনপি সমর্থক চেয়ারম্যান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় দুই উপজেলার নির্বাচনি দায়িত্বপ্রাপ্তরা এ ফলাফল ঘোষণা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম জানান, সদর উপজেলায় ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে নৌকা প্রতিক নিয়ে সাতজন ও স্বতন্ত্র দুইজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
সদর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- কাদির হানিফ ইউনিয়নে আবদুর রহিম চৌধুরী, অশ্বদিয়া ইউনিয়নে গোলাম হোসেন বাবলু, নেওয়াজপুর ইউনিয়নে আমির হোসেন বাহাদুর, ১নং চরমটুয়া ইউনিয়নে কামাল উদ্দিন বাবলু। একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন- আন্ডারচর ইউনিয়নে মো. জসীম উদ্দিন, এওজবালিয়া ইউনিয়নে মো. বেলাল হোসেন, দাদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিপন, কালাদরাপ ইউনিয়নে শাহাদাত উল্যাহ সেলিম ও ১০ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত ফয়সাল বারী চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- এ কে এম সিরাজ উল্যাহ, ধানসিঁড়ি ইউনিয়নে কামাল খান, চাপরাশিরহাট ইউনিয়নে মো. মহিউদ্দিন টিটু, বাটইয়া ইউনিয়নে মো. জসীম উদ্দিন শাহীন, ঘোষবাগ ইউনিয়নে একেএম আলাউদ্দিন ভুঁইয়া। একই উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী নির্বাচিতরা হলেন- সুন্দলপুর ইউনিয়নে হাজী মো. ইলিয়াছ, ধানশালিক ইউনিয়নে মো. সাহাব উদ্দিন।
সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন এবং কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।