নির্বাচন আর পেছানোর সুযোগ নেই: সিইসি
মোহনানিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আর পেছানোর সুযোগ নেই বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেন তিনি।
সিইসি বলেন, জানুয়ারিতে দুই দফায় বিশ্ব ইজতেমা আছে। তাছাড়া শীত বাড়বে। কুয়াশাও পড়বে। এমন অবস্থায় দেশের প্রত্যন্ত বা দুর্গম চর এলাকায় নির্বাচন অনুষ্ঠানের কাজ কঠিন হবে। সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিশন নির্বাচনের তারিখ আর পেছাতে চায় না। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবো।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আগেই ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করে। নির্বাচনের সার্বিক বিষয়ে নির্দেশনা জানাতে কমিশন আজকের এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অপর ৪ নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব উপস্থিত আছেন।
এর আগে গত ৮ নভেম্বর আগামী ২৩ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে কমিশন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সোমবার তফসিলে পরিবর্তন আনে ইসি। এতে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্রের বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রাখা হয় ৯ ডিসেম্বর।