নিঃসঙ্গতা কাটাতে ভালোবেসে ঘর বাঁধলেন তারা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ

৬২ বছর বয়স পর্যন্ত ছিলেন অবিবাহিত। বলেছিলেন আর বিবাহ করবেন না। কিন্তু ৫৪ বছর বয়সি বানু বেগমের প্রেমে পড়ে শেষ পর্যন্ত টলে গেল সিদ্ধান্ত। অবশেষে ১ হাজার মানুষের উপস্থিতিতে ১ লাখ ১ টাকা দেনমোহরে প্রেমিকাকে বিয়ে করেন আশরাফ আলী বেপারী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ‍ইউনিয়নের সোনাহার গ্রামের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে এই বিয়ে সম্পন্ন হয়। বানু বেগমের ঘরে ‍১ কন্যা সন্তান থাকলেও আশরাফ ‍আলী ছিলেন অবিবাহিত।

চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক টুকু বলেন, সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ ‍আলী বৃদ্ধ বয়সে বেশ একাকীত্বের জীবন কাটাতেন। পরে তিনি এই নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বানু বেগমের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও মেয়ে জামাইয়ের সঙ্গে থাকলেও নিঃসঙ্গ জীবন কাটাতেন। এ অবস্থায় তিনিও বিয়ে করার সিদ্ধান্ত নেন। ‍এর মধ্যে ‍তাদের দুই জনের প্রেমের সম্পর্ক গড়ে ‍উঠলে অবশেষে পরিবারের সম্মতিতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে খুব ঘটা করেই বিয়ে সম্পন্ন হয়। ‍এমন ‍আয়োজন এলাকাবাসীকে কৌতূহলী করে তোলেন। ফলে অনেক লোক এসে ভিড় জমান বিয়ে বাড়িতে।

চেয়ারম্যান বলেন, বিয়েতে অন্তত ১ হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং বেশ ধুমধাম করেই বিয়ের কাজ সম্পন্ন হয়। এদিকে, বৃদ্ধ আশরাফ আলী বেপারী ও বৃদ্ধা বানু বেগম তাদের দাম্পত্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ভালো সময় কাটে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন