নকল হ্যান্ড স্যানিটাইজারে বাজার সয়লাব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ জুন, ২০২০ ১১:২০ অপরাহ্ণ

ভেজালবিরোধী অভিযানে রাজধানীর রায়েরবাগ-যাত্রাবাড়ী এলাকা হতে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেছে র‌্যাব-১০। হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান ছাড়াই ব্লু কালার, লেমন ফ্লেভার, স্প্রিট ও এক ধরনের জেল দিয়ে তৈরি হচ্ছিল এসব জীবাণুনাশক। এ সময় কারখানার সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে এই অভিযান। গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্না কাজী (২৫), মো. শান্ত (২৪), সাব্বির সরদার (২২) ও মান্নান মিয়া (৬৭)। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দেয়া হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতত্বে এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় অভিযান পরিচালিত হয়। এ সময় উত্তর রায়েরবাগ, দোতলা মসজিদ যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় কয়েক লাখের উপরে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং স্যানিটাইজার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

র‌্যাব সদর দপ্তরের নিবাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু কালের কণ্ঠকে বলেন, সেখানে অভিযানকালে‌ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রায় দেড় লাখ হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী মজুত দেখতে পেয়েছি। কাজী ম্যানুফ্যাকচার নামে একটি প্রতিষ্ঠান আবাসিক ভবনের নিচে সম্পূর্ণ অননুমোদিতভাবে ভেজাল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারে বিক্রি করে আসছে। অভিযানে কাজী ম্যানুফ্যাকচারের মালিক মো. কাজী মুন্নাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং অপরাধ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, চিন্তার বিষয় হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বানানোর প্রধান যে কারিগর তিনি পঞ্চম শ্রেণি পাস। কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই এই নকল পণ্য তৈরি করে আসছিলেন তারা।

র‌্যাব জানায়, বাড়ির মালিক আব্দুল মান্নানকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত বাকি তিনজনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে গিয়ে দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার এর মূল উপাদান ছাড়াই তৈরি হচ্ছিল জীবাণুনাশক। এর মূল উপাদান ক্লোরোহ্যাক্সিডাইন গ্লোকোনেট এর বিন্দুমাত্র নেই। তৈরি হচ্ছে, ব্লু কালার, লেমন ফ্লেভার, স্প্রিট ও এক জাতীয় জেল দিয়ে। যা কোনো ধরনের জীবাণুনাশক করার ক্ষমতা রাখে না। এই ভুয়া কম্পানি এরই মধ্যে প্রায় দুই লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন