দেশে আরও ২৮৫৬ করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু ৪৪
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন প্রাণ হারিয়েছেন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১৩৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে করোনার সংক্রমণ শনাক্ত করা হলো মোট ৮৪ হাজার ৩৭৯ জনের মধ্যে।
শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯০৭টি। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার শতাংশ ১৭ দশমিক ১৭।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৭ হাজার ৮২৭ জন। শতাংশের হিসাব সুস্থতার হার ২১ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৪৬ জনে। আক্রান্তের হিসেবে মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১১ জন।
বরাবরের মতোই ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।
করোনাভাইরাসের ছোবলে এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সোয়া ৭৩ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা চার লাখ ১৪ হাজার প্রায়। তবে ৩৬ লাখ ১৬ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।