দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির আভাস
ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন থেকেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ের মাঝে ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।