দেশের প্রতিটি অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা ছাত্রলীগের: প্রধানমন্ত্রী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২০ ৭:১৪ অপরাহ্ণ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের প্রতিটি অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগের। ছাত্রলীগ এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু সবসময় যেকোনো সঙ্কটে সবার আগে ছাত্রলীগকে ডাকতেন। আর ছাত্রলীগকে সঙ্কট মোকাবেলার দায়িত্ব দিতেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা ২টা ৩৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আদর্শ ছাড়া, সততা ছাড়া ,নীতি ছাড়া কোনো নেতৃত্ব চলতে পারে না। ছাত্রলীগের অবদানের কথা মাথায় রেখে ছাত্রলীগের নেতাকর্মীদের আচরণ ঠিক করা উচিত। যারা রাজনীতি করার স্বপ্ন দেখে তাদের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই পড়ার আহবান জানান তিনি।

আদর্শ নেতৃত্ব গঠনের জন্য ছাত্রলীগের কর্মীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া ছাত্রদের অস্ত্র দিয়েছিলেন, আমি দিয়েছি খাতাকলম।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান ক্ষমতায় এসে মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। জিয়াউর রহমান অসংখ্য মেধাবী শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিয়েছেন। সাত খুনের আসামিকে, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ারা মেধাবী ছাত্রদের ব্যবহার করেছেন। ক্ষমতাকে কুক্ষিগত করার কাজে লাগিয়েছেন ছাত্রজীবনকে।

শেখ হাসিনা বলেন, আদর্শ, সতত ছাড়া নেতৃত্ব গড়ে উঠতে পারে না। বঙ্গবন্ধু কখনো অর্থ-সম্পদের দিকে তাকাননি। সারা জীবন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে রাজনীতি করেছেন।

আদর্শ নিয়ে, নীতি নিয়ে ছাত্রলীগকে গড়ে তোলার আহবান জানিয়ে বঙ্গবন্ধু-কন্যা বলেন, জাতির পিতা যে আদর্শ নিয়ে সংগঠন গড়ে তুলেছিলেন, সেই আদর্শ ধারণ করতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, সেই আদর্শকে ধারণ করতে হবে।

এরআগে এদিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন। সকাল ৮টায় ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সংগঠনটির জন্ম হয়। এরপর ভাষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন সময় বিভিন্ন সঙ্কটে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে সংগঠনটি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন