দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান: আইভি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হুশ করে কথা বলবেন। আমি কোনো অন্যায় কাজ তো করিনি যে মাফ চাইবো। ক্ষমা চাইবেন আপনারা। ক্ষমা চাওয়ার কথা বলবেন আপনার ভাই ব্রাদারকে, যারা ত্বকীকে হত্যা করেছে। তাদের ক্ষমা চাইতে বলেন। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলিনি আপনাকে।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
আইভী বলেন, ৪০ বছর ধরে এ নারায়ণগঞ্জকে লুটপাট করে খাচ্ছেন। মানুষ মারছেন, হত্যা করছেন, যা মন চায় তাই বলেন। নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দেবে। কার সঙ্গে লড়তে আসেন কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না।
মেয়র বলেন, অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলায় নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করি না। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবে না। কারণ আপনাদের পিস্তলই তো ভয় পাইনি।