দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন সাকিব

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ

আইপিএলে খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিবেন বলে গত বছর শ্রীলংকা সফর করেননি সাকিব আল হাসান। তাকে ছাড়াই শ্রীলংকা সফরে দুই টেস্ট খেলতে হয়েছে বাংলাদেশকে। পারিবারিক কারণে এ বছরের শুরুতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরও করেননি সাকিব।
আগামী ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফরে টেস্ট দুটি ৩ থেকে ১১ এপ্রিল। এই টেস্ট দুটি খেললে আইপিএলের প্রথম চার-পাঁচ রাউন্ড মিস করতে হবে। নিলামে ফ্রাঞ্চাইজিদের আগ্রহ থাকবে না।

নিলামে বিক্রি হয়ে আইপিএল চলাকালে টেস্ট খেললে যে ক’টি ম্যাচ মিস করবেন, সেই অনুপাতে টাকা কেটে নেয়া হবে। সে কারণেই আইপিএলে অবধারিত দল পাচ্ছেন ধরে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা থেকে বিরত থাকতে চেয়েছিলেন সাকিব।

তবে আইপিএলে এই প্রথম নিলামে অবিক্রিত থাকায় দৃশ্যপটে পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার সিদ্ধান্ত পূর্ণবিবেচনা করবেন সাকিব, সোমবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালে গণমাধ্যমকে এমনটাই বলেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস—’ ৬ মাস টেস্ট খেলবে না, বিসিবিতে এমন একটা চিঠি দিয়েছিল সাকিব। ওই চিঠিটা দিয়েছিল সাকিব আইপিএল নিলামের আগে। এরপর আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সে শ্রীলংকা সিরিজে টেস্ট খেলবে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার কথা ছিল না। এখন যেহেতু সাকিব আইপিএলে যাচ্ছে না, তাই পরিস্থিতি বদলে গেছে। ওয়ানডে সিরিজের পরই প্রেসিডেন্টের সঙ্গে বসবে, কথা বলবে সাকিব।’
সিরিজ শেষে সিদ্ধান্ত পরিবর্তনের কথা সাকিবের কাছ থেকে জেনে নিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘যেহেতু সাকিব আইপিএলে নেই, আইপিএলে ও যাচ্ছে না, তাহলে তো দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার কোনো কারণ দেখছি না। কাছাকাছি তো যেতে পারি না। খেলা শেষে দূর থেকে ওর সঙ্গে কথা হয়েছে। আমি ওকে বললাম যে,দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে আসো, তারপর তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো,আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা জানি ও খেলবে। ও একবারও বলেনি যে খেলবে না। যা বলেছিল আইপিএলের কথা। এর বাইরে তো বলেনি।’

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা থেকে বিরত থেকেছেন সাকিব। ফলে পূর্ণ শক্তির দল পায়নি বাংলাদেশ দল। সাকিবকে টেস্ট দলে না পেয়ে তেলে-বেগুনে জ্বলে উঠে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন হাতুরুসিংহে। সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করায় এবার দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণ শক্তির দল পেতে যাচ্ছে বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন