তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছে দেশ: পানিসম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছে দেশ—এমন মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। জনগণের দীর্ঘদিনের দাবি ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সমন্বয় করে বাস্তবায়ন করার জন্য কাজ চলছে বলে তিনি জানান।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে শনিবার দুপুরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব পদে থাকা এই মন্ত্রী জানান, নদীর তীর রক্ষা বাঁধের কাজ চলমান আছে, কাজের ধরণ ও মান নিশ্চিত করতে ও ৬২ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণের পুরো প্রক্রিয়ায় পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি নজর রাখছে।
এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ। বর্ষার সময়ে প্লাবন ও বন্যার কারণে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত বহু মানুষ বাড়িঘর ও জমি হারিয়েছে। আমাদের ফসল নষ্ট হচ্ছে, জীবন যাপন কঠিন হয়ে যাচ্ছে। প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছি।
তিনি আরও বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন, তারা দেশের অর্থ লুটপাট করেছে, ঠিকমতো কাজ হয়নি। চলমান প্রকল্পগুলো দ্রুত ও সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে শেষ করা হবে। কাজের সঠিক মান ও অগ্রগতিতে সরকার সবসময় সজাগ থাকবে।
পরিদর্শনে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।