জয়নাল হাজারী ফেনীতে সমাহিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ১০:১৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের আলোচিত নেতা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্খীরা। এসময় ’৭৫ পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন তারা। ঢাকা এবং ফেনীতে দু’দফা জানাজা শেষে ফেনী শহরের মাস্টার পাড়ায় মুজিব উদ্যানে তাকে সমাহিত করা হয়।

১৯৪৫ সালে জন্ম নেয়া জয়নাল আবেদিন হাজারী আজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মাঝে কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৯ সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। ছিলেন ফেনী-২ আসনের টানা তিনবারের সংসদ সদস্য।

৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে গত ১৫ই ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। জানাজা শেষে জয়নাল হাজারীর কফিনে আওয়ামী লীগ এবং জাসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময়, ৭৫ পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন তারা।

এরপর, তার মরদেহ নেয়া হয় ফেনী শহরে। বাদ আসর ফেনী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাকে এখানে রাষ্ট্রীয় সম্মাননা জানায় পুলিশের একটি চৌকষ দল। ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এসময় জয়নাল হাজারীর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মাস্টার পাড়ায় মুজিব উদ্যানে জয়নাল হাজারীকে সমাহিত করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন