‘জন্মদিন নিয়ে আলাদা উচ্ছ্বাস নেই’
আজ অভিনেত্রী জুঁই জান্নাতের জন্মদিন। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন এ সুন্দরী অভিনেত্রী। বর্তমানে তিনি আছেন ঢাকার বাইরে পরিবারের সাথে।
জুঁই বলেন, ঘুম থেকে ওঠার পর ইন্টারনেট অন করতেই একের পর এক শুভেচ্ছাবার্তার নোটিফিকেশন পাচ্ছি। ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। ওয়ালে লিখছেন। চেষ্টা করছি সবার শুভেচ্ছার উত্তর দিতে।
তিনি আরও বলেন, সবার শুভেচ্ছার উত্তর দেয়া তো সম্ভব না। তাই ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস লিখে সবাইকে ধন্যবাদ দিয়ে দেব।

জন্মদিন নিয়ে জুঁইয়ের আলাদা কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, ছোটবেলায় জন্মদিনের উচ্ছ্বাস থাকতো। এখন তা নেই। প্রতিবার বন্ধুরা বাসায় আসে। তাদের জন্য রান্না করি। তাদের নিয়ে কেক কাটি। গত বছর আর এ বছর করোনার প্রকোপে তা হচ্ছে না। তা ছাড়া এবার আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি। প্রতি বছর জন্মদিনে বাড়িতে আসি। এবার বাড়িতেই আছি।
জুঁই জান্নাত প্রতি জন্মদিনে দুস্থ ও অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। যাতে কিছু মানুষের মুখে হাসি ফোটে। করোনার প্রকোপে এবার তা হচ্ছে না।

কাজ নিয়ে নতুন করে ভাবছেন জুঁই জান্নাত। তিনি জানান, আপাতত হুটহাট কাজ করছিনা। ভেবেচিন্তে কাজ করছি। তবে বিভিন্ন কাজ নিয়ে কথা চলছে। সময় হলে সব জানতে পারবেন।
প্রসঙ্গত, মঞ্চকর্মী জুঁই জান্নাতের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘শেষ ভালো যার’, ‘জলপুত্র’ ইত্যাদি।