চীন থেকে নিজ দায়িত্বে ফিরতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২০ ৯:০৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে যারা আটকা পড়েছেন তাদের নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগে আমরা যাদের এনেছি, তাদের আনতে প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে। তবে অর্থ প্রধান সমস্যা নয়। আগের মানুষগুলো যদি হজ্জক্যাম্প থেকে বের না হয়, বাকিদের আনলে রাখব কোথায়?

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, সিঙ্গাপুর- এরকম হাতেগোণা কয়েকটি দেশ তাদের লোকদের ফিরিয়ে নিয়েছে। বাকি শত শত দেশের লোকেরা তাদের ওখানে আছে। চায়নিজরা ওদেরকে সাবধান করে দিয়েছে।

তিনি বলেন, আমাদের ছেলেমেয়ে যারা আছে, তারা অভিযোগ করেছে, তাদের নাকি খাবার দেওয়া হয় না। কিন্তু আমরা তথ্য নেওয়ার পর দেখেছি, চায়নিজরা বলেছে তাদেরকে পানি দেয়, খাবার দেয়, যথাসময়ে পৌঁছে দেয়। দুজন চায়নিজ সিনিয়র অফিসিয়াল নিয়োগ করেছে তাদের দেখভাল করার জন্য। ওখানে তারা ভালো আছে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী, ট্রেজারার মোর্শেদা চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন