চাঁদপুরে চার হাজার কেজি জাটকাসহ আটক ৬

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ১:০৭ অপরাহ্ণ

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। আজ সোমবার (১৫ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বহরিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার কেজি জাটকা জব্দ করে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এতে নেতৃত্ব দেন, ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক গোলাম মো. নাসিম।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাতে মেঘনা নদীতে টহল দেওয়ার সময় পাশের বহরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় জাটকার এই বড় চালান ধরা পড়ে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এদিকে, বিপুল পরিমাণ জাটকার সন্ধান পাওয়া গেছে, এমন সংবাদের প্রেক্ষিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান।

এছাড়া পৃথক আরেক অভিযানে আরো এক হাজার কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা। এসময় একটি পিক-আপও জব্দ করা হয়। এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত একসপ্তাহ আগে চাঁদপুর পুরানবাজার ফাঁড়ি পুলিশ আরেক অভিযানে আরো এক হাজার কেজি জাটকা জব্দ করে। এই নিয়ে গত এক মার্চ থেকে আজ সকাল পর্যন্ত ৬ হাজার কেজি জাটকা, ৩২ লাখ মিটার জাল এবং ইঞ্জিনচালিত ৩০টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে ৮০ জন জেলেকে আটক করা হয়েছে।

জাটকা সংরক্ষণের মার্চ থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত এই দুই মাস জাটকা শিকার, বিক্রি, পরিবহন এবং মজুত নিষিদ্ধ করেছে সরকার।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন