গণসমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে বিএনপির চিঠি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২২ ২:২৩ অপরাহ্ণ

১০ ডিসেম্বর (শনিবার) গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন বিএনপির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনধি দল।

এ সময় বৈঠকে বিএনপি নেতারা বলেন, বিএনপি নেতাকর্মীদের অযথা গ্রেপ্তার হয়রানি না করার জন্য কমিশনারকে আমরা অনুরোধ জানিয়েছি।

ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতাকর্মীরা বলেন, আমরা সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে তারা বৈঠকে ছিলেন।

বৈঠক শেষে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চাই।

শান্তিপূর্ণ সমাবেশ করা হবে এমনটা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণিপরিবহণ বন্ধ করে দেয়া না হয় সে বিষয়েও ডিএমপি কনিশনারের কাছে জানানো হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে বিএনপি এই নেতা বলেন, ডিএমপি কমিশনারের কাছে আমাদের বেশ কিছু অভিযোগ জমা দেয়া হয়েছে। এবং গ্রেপ্তার আতঙ্কসহ বিভিন্ন সংকটের বিষয়টি জানানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন