কুমিল্লায় হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যার দায়ে নয় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৪ জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সজীব, রাজিব, হারুণ, শাওন, আমিন, রব, মমিন, আবু তাহের ও মো. মহসিন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মতিন, শাহ পরান, শামীম ও খোকন মিয়া।

আদালতের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান জানান, ২০১৩ সালের ১ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি ২০১৫ সালে কুমিল্লা আদালত থেকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনালে মামলায় দীর্ঘ শুনানি ও ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন- মোসলেম মিয়া, বেলাল হোসেন ও নয়ন মিয়া।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন