করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু, শনাক্ত রেকর্ড ৩৮৬২

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২০ ৩:০৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৩ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৮৬২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন