কমলনগর ছাত্রদলের ২ নেতা বহিস্কার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন ও জামাল উদ্দিনকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ৩ এপ্রিল উপজেলার ৯টি ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু ও সদস্য সচিব জাফর আহমেদ ভূঁইয়া। সম্প্রতি উপজেলা কমিটির ৪ জন যুগ্ম-আহবায়ক ও একজন সদস্য কয়েকটি ইউনিয়নে পাল্টা কমটির অনুমোদন দেয়।
এদিকে আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ছাড়া কমিটি অনুমোদন দিয়ে তারা গঠনতন্ত্র বিরোধী কাজ করেছে। এতে জেলা ছাত্রদল তাদেরকে শোকজ করে এবং সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়। তিনজন উপস্থিত হয়ে জবাব দিয়েছেন। কিন্তু আক্তার ও জামাল দেয়নি। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদেরকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন তাদেরকে বহিস্কার করেন।
এ ব্যাপারে বহিস্কৃত নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন বলেন, বহিস্কৃত নেতারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে। এজন্য তাদের শোকজ করে জবাব চাওয়া হয়েছে। কিন্তু তারা তা কর্ণপাত করেনি। এজন্য গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বহিস্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ আগস্ট সাজুকে আহবায়ক ও জাফরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমলনগর উপজেলা কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রদল।