কমলনগরে ১৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব সংবাদদাতা:লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি জমিতে গড়ে তোলা ১৬ টি অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চরলরেন্স পূর্ব বাজারে ভূমি অফিসের সামনের অবৈধ স্থাপনাগুলো ভেক্যু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়।
এর আগে একাধিকবার নোটিশ করে টিনশেড ও আধাপাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। নির্দেশনা অনুযায়ী সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা সহকারি কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রচীর নির্মাণ করার জন্য ওই বাজারের প্রায় ১৬-১৭টি ঘরের একসনা বন্দোবস্ত বাতিল করে প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশও করা হয়। কিন্তু দোকান মালিকরা তা অমান্য করে ব্যবসা চালিয়ে যায়।
হাজিরহাট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম বলেন, নির্দেশনা অমান্য করে ব্যবসা চালিয়ে যায় দোকানিরা। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।