কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। জোবেদা মৃগীরোগে আক্রান্ত ছিল। রোগটি দেখা দিলে পুকুরে পড়ে ডুবে জোবেদার মৃত্যু হয় বলে ধারণা করছেন তারা।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর চরজাঙ্গালিয়া গ্রামে আরাফ হোসেন নামে দুই বছরের এক শিশু মারা গেছে। আরাফ ওই গ্রামের মামুনুর রশিদের ছেলে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন