কমলনগরে তিন ইউনিয়নে ভোটগ্রহণ শুরু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১১ নভেম্ববর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার চরকাদিরা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড ফজুমিয়ার হাট সরকারি প্রাঃ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের সারি দেখা যায়।
এদিকে উপজেলার ৩০টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। উপজেলার চরলরেন্স, চরমার্টিন ও চরকাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ১২, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১২২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, অফিস ভাঙচুর ও হুমকি-ধমকিতে নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনাও রয়েছে।
প্রচারণার শেষ দিন মঙ্গলবার রাতে চরকাদিরা ইউনিয়নের রববাজার এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইব্রাহীম বাবুল ও আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোসেন হাওলাদারের নির্বাচনি অফিস ভাঙচুর করে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম সাগরের কর্মীরা। এ নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার চরলরেন্স সাত নম্বর ওয়ার্ড এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে। আটকরা হলেন একই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা যুবলীগ নেতা নাইমুল ইসলাম প্রদীপ ও আরমান কবির নাইম। অস্ত্র আইনে মামলা শেষে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন বলেন, বিভিন্ন দিক বিবেচনায় তিন ইউনিয়নের ৩০টি ভোটকেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। তাই কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জায়েদুল হোসেন চৌধুরী জানান, দ্বিতীয় ধাপের এ নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।