কক্সবাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২২ ১০:৩৫ পূর্বাহ্ণ

উখিয়ায় মাটি ভর্তি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার রাত ১০ টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকা এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন। নিহতদের মধ্যে একজন সনাতন শর্মা।

তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। তবে নিহত অন্য ৩ জন এবং আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয় এ ইউপি সদস্য।

হেলাল বলেন, দুর্ঘটনা কবলিত মিনি-ট্রাকটি উখিয়া স্টেশন থেকে বালুখালীতে যাচ্ছিল। রাত সাড়ে ১০ টায় গাড়ীটি কুতুপালং টিভি টাওয়ার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু এবং দুইজন আহত হয়। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক।

স্থানীয় এ ইউপি সদস্য জানান, নিহতদের লাশ ঘটনাস্থলে রয়েছে। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

উখিয়ার থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ঘটনায় হতাহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন