এত ক্ষমতা চর রমনীর নয়ন মেম্বারের?

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে একজন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর বক্তব্য আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ‘প্রশাসনিকভাবে আমার বড় লবিং আছে, মিথ্যা বললেও তারা সত্য মনে করে’ কর্মীদের উদ্দেশ্য দেয়া সমাবেশে তার বিতর্কিত এই বক্তব্যটি ভিডিও আকারে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নয়ন বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে পুনরায় মাইক প্রতীকে প্রার্থী হয়েছেন।

ভাইরাস হওয়া বক্তব্যে কর্মীদের উদ্দেশ্যে নয়ন বেগম বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেই। প্রশাসনের লাইনে আমার অনেক বড় লবিং আছে। এসপি হতে ডিসি সবাই জানে আমি সততার লাইনে কাজ করি। ওসি, এসপি, ডিসি অফিসে মিথ্যা কথাও বললেও তারা মনে করে সত্য।’

এ বিষয়ে জানতে চাইলে নয়ন বেগম বলেন, ‘আমার কথাগুলো কাটাছেড়া করে প্রতিপক্ষ প্রচার করছে। এলাকায় আমার ভোটার আছে। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।’

এদিকে, তার এ ভিডিওটি ছড়িয়ে পড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওই ওয়ার্ডে নয়ন বেগমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেসমিন আক্তার (সূর্যমুখী) ও শাহীনুর বেগম (তালগাছ)।

সদর থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ওই প্রার্থীর ভিডিও বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরে এসেছে। প্রশাসন ও নেতাদের নিয়ে তার বক্তব্য মনগড়া ও আপত্তিকর। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন