একজন সাংগঠনিক ও পরিশ্রমী জননেতা এমপি নয়ন
জামাল উদ্দিন রাফি: এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একজন দক্ষ সাংগঠনিক জননেতা। পরিশ্রমী এমপি। সততা, দক্ষতা আর নিজের সংকল্পের প্রতি একাত্বতাই তাকে আজ এই পর্যায় নিয়ে এসেছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রতিনিয়ত সাংগঠনিক কাজে পরিশ্রমী এ নেতা বলেন, আমি তৃণমূল থেকে উঠে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী। তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা বিশ্বাস আর সমর্থনে আমি সংসদ সদস্য হয়েছি। সংসদ সদস্য হয়ে বিলাসবহুল জীবন যাপনের মনোভাব নেই আমার। আমি স্থানীয় নেতা-কর্মীদের পাশে আছি সবসময়। সংসদ চলাকালীন সময়ের পর আমি ঢাকার অফিসে প্রতিনিয়ত তৃণমূলের নেতাকর্মীদের সাথে দেখা করি। বিভিন্ন মতবিনিময় সভার মাধ্যমে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি।

এমপি নয়ন বলেন, দল আমাকে যে সম্মান দিয়েছে; আমি আমার জীবন দিয়ে হলেও তা পরিশোধ করার চেষ্টা করবো।দলের মনোনয়ন পেয়ে এমপি হওয়া এটি একটি ভাগ্যের বিষয়। দলের নেতাকর্মীদের সংঘবদ্ধভাবে রেখে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত রাখাই আমার প্রচেষ্টা।বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সহায়ক শক্তি হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ নেতা।

অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের (এমপি) বর্নাঢ্য রাজনৈতিক জীবন :
ছাত্রলীগের মাধ্যমেই তার রাজনৈতিক জীবন শুরু। ১৯৭৮ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত টানা তিন বছর লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের সভাপতি, ১৯৮৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রলীগের রাজনীতি শেষে ১৯৮৮ সালেই যোগ দেন আওয়ামী লীগে। আওয়ামী লীগে যোগ দিয়েই চমক দেখান এই নেতা। ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত লক্ষ্মীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত লক্ষ্মীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নেতা। এরপর ২০১৫ থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।