ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ

সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা কারবারির নেতৃত্বে মাহবুবুর রহমান নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ওই ইয়াবা কারবারির বাবা অচি আলমকে আটক করে। নিহত মাহবুবুর রহমান উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেরি পাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দামের সাথে চলাফেরা করত। শনিবার (২৭ নভেম্বর) মাহবুব সাদ্দাম হোসেনের কাছে কিছু ইয়াবা দেখতে পায়। এরপর সে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেয়ার এবং সাদ্দামকে ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেয়। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা কারবারি সাদ্দাম রোববার (২৮ নভেম্বর) সকালে মাহবুবুরকে মুঠোফোনে ধন্যপুর গ্রামে ডেকে নেয়। সেখানে সাদ্দাম, তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে।

এসআই জাফর আলম আরো বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ আরো গভীর ভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন