ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ১০:১৭ অপরাহ্ণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলের জমিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ফসলের জমিতে হাতজাল নিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। জমির মালিক ইঁদুর মারার জন্য গুনাতারের সঙ্গে বিদ্যুতের লাইন সংযোগ দিয়ে রেখেছিলেন। এ কারণে জমিতে নামার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সাইফুলের। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজ করতে থাকে। পরে শুক্রবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা জমিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন