আফগানিস্তান–নিউ জিল্যান্ড ম্যাচের পিচ কিউরেটরের রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপের উন্মাদনার পারদ যখন ক্রমেই বাড়ছে, তখন আবুধাবি হল নির্মম এক ঘটনার সাক্ষী। আবুধাবির পিচ কিউরেটর মোহন সিংকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শেখ জায়েদ স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের ভারত-আফগানিস্তান ম্যাচের পিচটি তৈরি হয়েছিল মোহনের হাতে। সেখানে দুর্দান্ত খেলে আফগানিস্তানকে হারিয়ে ভারত বাঁচিয়ে রেখেছিল সেমিফাইনালের আশা। ভারতকে সেমিফাইনালে যেতে হলে আজ নিউ জিল্যান্ডের বিপক্ষে জিততে হতো আফগানিস্তানকে। এ পিচও তৈরি করেছেন মোহালি থেকে আসা মোহন। কিন্তু সেই পিচে আফগানিস্তান কী করেছে, তা আর দেখে যেতে পারেননি তিনি। রোববার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তার কক্ষে।
এখনো জানা যায়নি মোহনের মৃত্যুর কারণ। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের ধারণা, মোহন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সেটা তিনি কেন বা কীভাবে করেছেন, সে বিষয়ে কোনো ধারণা দেয়া হয়নি।
২০০৪ সালে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মোহন চাকরিতে যোগ দেন। এর আগে তিনি মোহালির পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে কিউরেটর হিসেবে হাতেখড়ি নেন। পাঞ্জাব ক্রিকেট গ্রাউন্ডে মোহন ১৯৯৪ সাল থেকে চাকরি করতেন। মাঠ প্রস্তুত করা ছাড়াও কোচদের সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও ছিল মোহনের। বিশ্বকাপের পাশাপাশি অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিচ কিউরেটরের ভূমিকায় ছিলেন তিনি।