আদর্শ নাগরিক হওয়ার শপথ তরুণদের
নিজস্ব প্রতিবেদক: ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে আদর্শ নাগরিক হওয়ার শপথ গ্রহণ করেছে একঝাঁক তরুণ। সদর উপজেলা পরিষদ হলরুমে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন’র উদ্যোগে ‘পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুর শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন’র লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক সহিদ্দুজ্জামান সৈকত।
জানা গেছ, বিডিক্লিন দুই মাসব্যাপী জেলার ক্যাম্পাস টু ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরে জেলার পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে সেরা নির্বাচিত করে বিশেষ আয়োজনে পুরস্কৃত করা হবে।