২৬ নভেম্বর খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৮ ২:৫৮ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হবে কি না- এ বিষয়ে আদেশ আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন  ধার্য ছিল। তবে মামলার বাদী পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এই আদেশ দেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়,  খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) শুভ বিজয়া দশমীর অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বিতর্কিত মন্তব্য করেন।

মামলাটিতে গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। গত ২৩ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন সিদ্দিকী।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন