সিরাজগঞ্জে শিলাবৃষ্টিতে কৃষক নিহত, আহত ৬
মোহনানিউজ ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয় যুবক আহত হয়েছে।সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বোয়ালকান্দিপূর্ব চরে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান বেয়ালকান্দি চরের মৃত আবদুল শেখের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালকান্দি চর থেকে ক্ষেতের ফসল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কবলে পড়ে শাহজাহান আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা আরো ছয যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জেলহাজ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত শাহজাহান আলীর মরদেহ স্থানীয় কবরস্থানে মাঠে জানাজা শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।