শেখ মুজিবুর রহমানের ভিশন বাস্তবে পরিণত হয়েছে: ট্রুডো
একজন ব্যক্তির কারণে ইতিহাসে দীর্ঘস্থায়ী পরিবর্তন সম্ভব সেটি শেখ মুজিবুর রহমান করে দেখিয়েছেন। শেখ মুজিবুর রহমানের ভিশন বাস্তবে পরিণত হয়েছে কারণ তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মানুষকে।
বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে বুধবার (১৭ মার্চ) এক ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এসব কথা বলেন।
১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর সঙ্গে বাংলাদেশ সফর করেছিলেন তার ছেলে ও কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তিনি বলেন, ‘আমি যখন আমার বাবার সঙ্গে বাংলাদেশ সফর করেছিলাম ওই সময় থেকে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। গত ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, দারিদ্রতা কমেছে, শিক্ষার হার বেড়েছে এবং স্বাস্থ্য সেবার প্রসার ঘটেছে। এরফলে দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
ট্রুডো বলেন, আজকে আমরা উৎসব করতে পারছি শেখ মুজিবুর রহমানের স্বাধীন ও গণতান্ত্রিক একটি দেশ গড়ার ভিশনের কারণে। এটি সম্ভব হয়েছে এদেশের মানুষের প্রতি তার ভালোবাসার জন্য। আমার পিতার সঙ্গে শেখ মুজিবুর রহমানের দৃঢ় সম্পর্ক ছিল। ওই সময় থেকে দুদেশ দৃঢ় সম্পর্ক বজায় রাখছে।