লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে প্রার্থী দেবে না বিএনপি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৯:৪৪ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত শনিবার বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধে সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল কুয়েতে দণ্ডিত হওয়ায় সম্প্রতি আসনটি শূন্য হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত গতকাল পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেহেতু নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন পরিচালনায় অযোগ্যতার পরিচয় দিয়েছে এবং সরকার নির্লজ্জভাবে সব নির্বাচনে বেআইনি হস্তক্ষেপ করছে, সেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপাতত এসব নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

এতে আরো বলা হয়, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ’৭১-এর ২৫ ও ২৬ মার্চের ঘটনাপ্রবাহ সম্পর্কে সরকারপ্রধানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতির নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যাচার ও তাঁর চরিত্র হননের অপ্রচেষ্টা চালাচ্ছে। এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সব জাতীয় নেতার অবদানকে অস্বীকার করছে। এরই মধ্যে স্বাধীনতার ঘোষক ও মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাব করেছে। এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন