লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজারের দায়িত্বে সাবেক ক্রিকেটার বাবর
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার সৈয়দ নুরুল আজিম বাবর। তিনি একই ক্লাবের সদস্য ও ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাব সূত্র জানায়, আসন্ন লক্ষ্মীপুর ক্রিকেট লীগকে সামনে রেখে ক্লাবের সদস্যদের নিয়ে এক জরুরী বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে সবার সম্মতিতে নুরুল আজিম বাবরকে ২০২১-২২ সালের জন্য ক্লাবের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে সৈয়দ নুরুল আজিম বাবর বলেন, যে ক্লাবের হয়ে বিভিন্ন টুর্নামেন্টের নেতৃত্ব দিয়েছি, সে ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছি। এটি আমার জন্য গর্বের বিষয়। ক্লাবটি আমার খুব প্রিয় এবং আবেগের স্থান। আমাকে দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেছেন।
লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল বলেন, বাবর জেলার সাবেক ক্রিকেটার। আমাদের ক্লাবের সদস্য। অতীতে তিনি বিভিন্ন টুর্নামেন্টে ক্লাবের হয়ে নেতৃত্ব দিয়েছেন৷ অভিজ্ঞতার বিষয় পর্যালোচনা করে তাকে ব্যবস্থাপকের দায়িত্ব অর্পন করা হয়েছে৷ আশা করছি তিনি সফল হবেন৷