লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক কারাগারে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সালমা আক্তারকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী কামরুল হাসান সুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কামরুলকে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে থেকে আটক করা হয়। রাতে নিহত সালমার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় কামরুলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে সালমাকে মারধর ও পরে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহত সালমা সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টুমচর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। আটক কামরুল একই এলাকার মো. খোকনের ছেলে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে।

হাসপাতালে নিহতের স্বজনরা জানায়, প্রায় ৪ বছর আগে প্রেম করে কামরুল ও সালমা বিয়ে করে। তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল। এরমধ্যে গত ৬ মাস আগে টিকটকের মাধ্যমে পরিচিত অন্য এক মেয়েকে কামরুল বিয়ে করে। ঘটনাটি জানাজানি হলে সালমার সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এতে কামরুল তাকে নানানভাবে অত্যাচার করতো। বিষয়টি সালমা তার পরিবারকেও জানিয়েছে। ওই কলহের জের ধরেই ঘটনার সময় কামরুল সালমাকে মারধর করেছে। পরে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

টুমচর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাকছুদুর রহমান বলেন, নিহতের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত কামরুলকে হাসপাতাল থেকে আটক করে নিয়ে যায়। কামরুল এখন কারগারে আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন