লক্ষ্মীপুরে মক্কা হোটেলের ৮০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ মার্চ, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর খাবার মজুদ রাখার দায়ে মক্কা হোটেলের মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে হোটেল মালিকের ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নেতৃত্বে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।


এদিকে একই সময় শহরের শেখ রাসেল সড়কে ভারত থেকে আমদানিকৃত একটি মাংসের গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে পঁচা মাংস উদ্ধার করা হয়। কিন্তু মালিকপক্ষের কাউকে না পাওয়ায় গোডাউনটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।


উপজেলা প্রশাসন জানায়, শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় মক্কা হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় হোটেলের ফ্রিজে একসঙ্গে মুরগি, গরুর মাংস ও মিস্টি রক্ত মাখামাখি অবস্থায় পাওয়া যায়। এ খাবারগুলো অস্বাস্থ্যকর ও মানবদেহের জন্য ক্ষতিকর। এজন্য হোটেল মালিক ফারুক হোসেন ও এক শ্রমিককে আটক করা হয়। পরে মালিকের ৮০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।


একই সময় শেখ রাসেল সড়কে ফরহাদ নামে এক ব্যাক্তির মাংসের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে পঁচা মাংস উদ্ধার করা হয়েছে। ভারত থেকে মাংস আমদানি করে গোডাউনটিতে রেখে ফরহাদ শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করে আসছে। মালিকপক্ষ টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গোডাউনটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।


লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, অস্বাস্থ্যকর খাবার মজুদ রাখায় একটি হোটেলকে জরিমানা করা হয়েছে। পঁচা মাংস মজুদ করায় ফরহাদ নামে এক গোডাউন মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া মাংসগুলো পরীক্ষার জন্য প্রাণি সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন