লক্ষ্মীপুরে ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২২ ৩:১২ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের আনন্দ উদযাপনে লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জমকালো প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

৫০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের একটি গোল ব্রাজিলের জালে ঢুকলেও দায়িত্বপ্রাপ্ত রেফারি ইব্রাহিম খলিল তা অফসাইড ঘোষণা করেন। এতে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ব্রাজিল একাদশের অধিনায়ক ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু। অন্যরা হলেন কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি, আশরাফুল আলম, ছগির আহমেদ, ছাত্রলীগ নেতা জিয়াউল করিম নিশানসহ ১৬ জন।

আর্জেন্টিনা একাদশের অধিনায়ক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না। অন্যরা হলেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস, ইবনে জিসাদ আল নাহিয়ান, মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ রাজু ও তারেক উদ্দিন মুন্সিসহ ১৬ জন।

ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা লক্ষ্মীপুরসহ সারা দেশে বিরাজ করছে। আমরা ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা প্রীতি ফুটবল খেলেছি। দারুণ উপভোগ্য ছিল ম্যাচটি। রাতে ব্রাজিলের ম্যাচ রয়েছে। ছন্দময় খেলা উপহার দিয়ে ম্যাচটি ব্রাজিলই জিতবে বলে আমি আশাবাদী।’

আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক রাসেল মাহমুদ মান্না বলেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের এ ম্যাচে বিশ্বকাপ ফুটবলে আমেজ ছিল। সবাই দারুণ খেলেছে। আর্জেন্টিনা সমর্থকরা এক গোল দিয়েছে। কিন্তু রেফারি তা অফসাইড দিয়ে দিয়েছে।’

ব্রাজিল সমর্থক কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘অসাধারণ একটি ম্যাচ ছিল। অনেক দিন পর মাঠে নেমে ফুটবল খেলেছি। সহযোদ্ধাদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন