লক্ষ্মীপুরে প্রভাষকের জমির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে প্রভাষক মাহবুবুর রশিদ চৌধুরীর জমির নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২ জানুয়ারি) দুপুরে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এরআগে সকালে লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকায় প্রতিপক্ষ মো. শাহজাহান, জাকির হোসেন ও তানভীর হোসেন এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন।

অভিযোগ সূত্র জানায়, প্রভাষক মাহবুবুর রশিদ ও তার ভাই ব্যবসায়ী আমিনুর রশিদ তাদের সাড়ে ৮ শতাংশ জমির চারপাশে সীমানা প্রাচীরের কাজ শুরু করেন। রোববার সকালে প্রতিপক্ষের লোকজন কোন কারণ ছাড়াই জমি পাবে বলে দাবি করে সীমানা প্রাচীরটি ভাঙচুর করেছে। এতে তারা সদর থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহবুবুর রশিদ চৌধুরী বলেন, প্রায় ৩০ বছর আগে আমার বাবা শাহ আমিন উল্যার কাছ থেকে শাহজানরা ৩ শতাংশ জমি ক্রয় করেছে। তখনই আমার বাবা তাদেরকে জমি বুঝিয়ে দিয়েছে। কিন্তু তারা আমাদের জমির মধ্যে টয়লেট নির্মাণসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করার চেষ্টা করছে। এতে জমি রক্ষার্থে পরিমাপ অনুযায়ী আমরা সীমানা প্রাচীর নির্মাণ করছি। কিন্তু জমি পাবে বলে তারা আমাদের সীমানা প্রাচীরটি ভাঙচুর করেছে।

এদিকে শাহজাহান, জাকির ও তানভীর জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে মাহবুবুর রশিদের বাবার কাছ থেকে জমি কিনলেও তিনি তা বুঝিয়ে দেননি। তাদের জমি পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার জন্য বললেও মাহবুবরা তা করছেন না। এখন কোনরকম পরিমাপ ছাড়াই বিতর্কিত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

এসআই আবদুল হান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। দু’পক্ষের সঙ্গে কথা বলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন