রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ নিহত ৪
নীলফামারী- নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আট বছর বয়সী লিমা আক্তার, সাত বছর বয়সী মিনা আক্তার, চার বছর বয়সী মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন।
নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজারে।
স্থানীয়রা জানান, ওই তিন শিশু সকালে রেললাইনে বসে রোদ পোহাচ্ছিলেন আর খেলছিল। এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনেরই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।