রায়পুরে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু
রায়পুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এই স্লোগানকে ধারণ করে ২দিন ব্যাপি বিজ্ঞান মেলা আজ (বুধবার) দুপুরে রায়পুর মার্চেন্টস সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় ২২টি স্কুল থেকে ৩৮টি স্টল অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হকে’র সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাইনুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর এল.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুদ তাওহীদ, লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর কাদের, কাজির দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজামউদ্দিন, রায়পুর প্রেসক্লাবের সভাপতি শংকর মজুমদার ও সাংবাদিক এবং শিক্ষক মোঃ মোস্তফা কামাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, আজকের এ ক্ষুদে শিক্ষার্থীরাই একদিন বিজ্ঞানের নব নব আবিষ্কার করে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি অধিক মনোযোগি হয়ে নতুন নতুন আবিষ্কারের লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের তৈরী করা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আগামীকাল বিকেলে বিজ্ঞান মেলা সমাপ্ত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।