রামগতি গোসলে নেমে নদীর স্রোতে তলিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মনির হোসেন (৪৫) নামে এক ব্যবাসায়ী মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে নেমে ডুব দিতেইতাকে স্রোতে তলিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় নদীতে ডুবে যান তিনি। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকা পড়ে। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

নিহত মনির স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ও আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে।

 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মনির লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এসময় ডুব দিলেই তীব্র স্রোতে মনির তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলের অদূরে কয়েকজন মাছ শিকারে নদীতে বরশি পেলেন। ওই বরশিতে গিয়ে মনিরের মরদেহ আটকা পড়ে। ঘটনার প্রায় সাড়ে ৫ ঘন্টা পর তার মরদেহ করা হয়।

 

এদিকে মনিরের নিখোঁজের পর থেকে তার একমাত্র ছেলে ছাব্বির হোসেন নদী পাড়ে মুর্ছা যাচ্ছিলেন। স্থানীয়রা কোনভাবেই তাকে শান্তনা দিতে পারছেন না।

 

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। বরশিতে তার মরদেহ আটকা পড়ে।

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন