রামগঞ্জে শিক্ষককে মারধরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় সাইফুল ইসলাম নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম লিমনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন আহম্মদ, আহাম্মেদ মুরশেদ ও সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন সবুজ। আগামি ৭ কার্য দিবসের মধ্যে উপজেলা কমিটির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
অভিযুক্ত লিমন উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ভূক্তভোগী সাইফুল ইসলাম পাশবর্তী চাঁদপুর জেলার ফরিদগঞ্জের লাউতলি ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক।
রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন সবুজ বলেন, বৃহস্পতিবার (২০ অক্টোবর) আমরা ঘটনাস্থলে তদন্তে যাবো। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। ঘটনার সত্যতা মিললে লিমনকে বহিস্কার করা হবে।
সূত্র জানায়, ১১ অক্টোবর লাউতলি ডাঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে ছাত্রলীগ নেতা লিমন উত্যক্ত করে। এতে বাধা দিলে ছাত্রীর ভাইকে ওই নেতা মারধর করে। এনিয়ে ১৬ অক্টোবর উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। সেখানে শিক্ষক সাইফুলের সঙ্গে ছাত্রলীগের কথা কাটাকাটি হয়। পরে ওই রাতেই সহযোগীদের নিয়ে লিমন শিক্ষকের ওপর হামলা চালায়। তাদের মারধরে আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন লিমনের বিরুদ্ধে কলেজে মানববন্ধন করে শিক্ষার্থীরা।