যুবলীগ নেতার বাড়ি যেন ‘ব্রাজিলের পতাকা’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ

আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখলেছুর রহমান নামে এক ব্রাজিল সমর্থক নিজের বাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। বিষয়টি স্থানীয় ক্রীড়ামোদী মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। দূর থেকেও অনেকে বাড়িটি দেখতে ছুটে আসছেন। মুখলেছুর যুবলীগের একজন নেতা।

 

জানা যায়, উপজেলার পাগলা থানাধীন দত্তেরবাজার ইউনিয়নের বিরই গামড়ি পাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ও শামছুদ্দিন বয়াতির নাতি মুখলেছুর রহমান স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থক। প্রতি বিশ্বকাপের আগে ব্রাজিলের বিশাল আয়তনের পতাকা টানান। গত বিশ্বকাপেও ৪০ ফুটের পতাকা টানিয়েছিলেন। আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে এবার তিনি তিন কক্ষের বসতবাড়িটিকেই ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। তবে দরজার ওপরে সবুজের মধ্যে লাল বৃত্ত একে জাতিয় পতাকাকে সম্মান জানিয়েছেন।

 

দত্তেরবাজার ইউনিয়ন যুবলীগ নেতা একলাছ উদ্দিন বলেন, মুখলেছুর রহমান ফুটবল খেলায় ব্রাজিলের অন্ধ সমর্থক। এ জন্যই তিনি নবনির্মিত বাড়িটিকেই ব্রাজিলের পতাকা বানিয়ে ফেলেছেন।

 

যুবলীগ নেতা মুখলেছুর রহমান বলেন, আমার তিন ভাই ও স্ত্রী-সন্তানসহ পরিবারের সব সদস্যই ব্রাজিল সমর্থক। ছোটবেলা থেকেই আমি ব্রাজিলকে সমর্থন করি। বসতবাড়িকে ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়ে ভালো লাগছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন