মরে গেলেও ভোট বর্জন করবো না: ড. কামাল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৮ ৭:০০ অপরাহ্ণ

মরে গেলেও ভোট বর্জন করবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন। সোমবার ( ১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। দুপুর দুইটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এ বৈঠক চলে।

 

সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, আমাদের ওপর জঘন্যভাবে হামলা করে সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যেন আমরা আবেগে ভোট বর্জন করতে বাধ্য হই। কিন্তু আমরা মরে গেলেও ভোট বর্জন করবো না। দরকার হলে ভোটকেন্দ্রে আমার লাশ যাবে। তবু ভোট বর্জন করবো না।

 

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও সমর্থকদের দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারে বাধা দেওয়া, গ্রেফতার, পোস্টার ছিঁড়ে ফেলা ইত্যাদি অভিযোগ নিয়ে আজ দুপুর দুইটায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য যান। সেখানে বিকাল ৪টা পর্যন্ত বৈঠকে এসব সমস্যা দুই দিনের মধ্যে সমাধানের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তারা।

 

বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য ড. মঈন খান, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাসহ বৈঠকে অন্যান্য কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন