বেঁচে আছেন রওশন, সংকটাপন্ন অবস্থায় ব্যাংকক হাসপাতালে ভর্তি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে সংকটাপন্ন অবস্থায় ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে সারাদেশে রওশন এরশাদের মৃত্যুর গুজব ওঠে। এ বিষয়ে সাদ এরশাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে বলেন, আমার মা জীবিত আছেন। আমরা মাকে নিয়ে ব্যাংককে পৌঁছেছি। আমি দেশবাসীর কাছে মা’র সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

 

রওশন এরশাদের সাথে পুত্র সাদ এরশাদ ছাড়াও পুত্রবধূ মাহিমা এরশাদও ব্যাংকক গেছেন। রওশন এরশাদকে ঢাকা থেকে বিদায় জানানোর সময় পরিবারের সদস্যরা ছাড়াও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

 

 

এদিকে শুক্রবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রওশন এরশাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।

 

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালে থাকাকালেই ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন