বসুরহাটের শান্তি নষ্ট করেছেন কাদের মির্জা : বাদল
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মিজানুর রহমান বাদল বলেছেন, এই কোম্পানীগঞ্জ ছিল একটি শান্তির জনপদ। এই শান্তির জনপদ বসুরহাটকে নষ্ট করেছে আবদুল কাদের মির্জা। চরফকিরাতে নষ্ট করেছে কুলাঙ্গার ইউপি চেয়রম্যান জামাল উদ্দিন লিটন। সে সারাক্ষণ নেশা করে থাকে। তার কাছে অনেকে সালিসের জামানতের টাকা পাবে। একজন মুক্তি যোদ্ধা কমান্ডারের ওপর হামলার প্রতিবাদে আমরা সমাবেশ ডেকেছি। সেই সমাবেশে কাদের মির্জার নির্দেশে হামলা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে উপজেলার চাপরাশিরহাট বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাদল বলেন, হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাকে কারাগারে যেতে হয়েছে। আমি কারাগারে গিয়েছি তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি শান্তি চাই। কোম্পানীগঞ্জবাসী শান্তিকে থাকুক এটাই আমি চাই। আমাদেরকে রাজনীতি করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সে জন্য আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য আন্দোলন করবো। শান্তিপূর্ণ পথে আন্দোলন করবো। এ সময় তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল হক কচি, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে এ মামলা রাজু প্রমূখ।