বই পড়ার মাধ্যমে পৌরবাসী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে-ডিসি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য অত্যাধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এখানে একসঙ্গে ১৮ জন বসে বই পড়তে পারবেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফলক উন্মোচন ও ফিতা কেটে লাইব্রেরিটি উদ্বোধন করেন।

লাইব্রেরি উদ্বোধন উপলক্ষ্যে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় পৌরসভার বিভিন্ন বিভাগে কর্মরত কয়েকজনকে কর্মদক্ষতার জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়েছে।

 

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী প্রমুখ।

 

লাইব্রেরি উদ্বোধন শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, অত্যন্ত সমৃদ্ধ কিছু বই দিয়ে লাইব্রেরিটি সাজানো ও বিন্যস্ত করা হয়েছে। সেবাগ্রহীতারা পৌরসভায় এসে সেবাগ্রহণের পাশাপাশি লাইব্রেরিতে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। তারা আনন্দের খোরাক এখানে খুঁজে পাবে। বই পড়ার মাধ্যমে পৌরবাসী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

 

লাইব্রেরি নিয়ে লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, অফিস চলাকালীন সময় সবার জন্য লাইব্রেরি উম্মুক্ত থাকবে। বিজ্ঞান, দর্শন, আত্ম উন্নয়ন, ধর্মী, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের বই এখানে পাওয়া যাবে। এখানে একসঙ্গে ১৮ জন বসে বই পড়তে পারবে। মেঝেতে কার্পেট বিছিয়ে রাখা হবে, জুতা বাহিরে রেখে প্রবেশ করলে কার্পেটে বসেও বই পড়তে পারবে সেবাগ্রহীতারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন