ফেনীতে বালু তোলা নিয়ে মেয়র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ২
ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়রসহ চার জন গুলিবিদ্ধের ঘটনায় দুজনকে গ্রেপ্তারর করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনকে প্রধান আসামি করে ২০ জনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করা হয়েছে। পরে একই দিনে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার দুজন হলেন– শাকিল ও নুর আলম। তারা মামলার এজাহারনামীয় আসামি।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) খালেদ হোসেন বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনসহ চার জন গুলিবিদ্ধের ঘটনায় শনিবার সোনাগাজী মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আট জনের বিরুদ্ধে মামলা করেন যুবলীগকর্মী মিজানুর রহমান। দুজনকে গ্রপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন ফেনী নদীর কলমীর চর এলাকায় বালু তোলাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনসহ চার জন গুলিবিদ্ধ হন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী নদী থেকে বালু তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক রিপনের লোকজনের সঙ্গে মেয়র খোকনের লোকজনের বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে।