পাল্টে যাচ্ছে পাঁচ জেলার ইংরেজি নামের বানান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ মার্চ, ২০১৮ ১২:৫৯ পূর্বাহ্ণ

মোহনানিউজ: শুদ্ধ হচ্ছে পাঁচ জেলার ইংরেজি নামের বানান। ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যাগ নিয়েছে সরকার। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়ার ইংরেজি নাম সংশোধনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ২ এপ্রিল বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রস্তাবনায় চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong সংশোধন করে Chattagram, কুমিল্লা জেলার বানান Comilla পরিবর্তে Kumilla, বরিশালের বানান Barisal থেকে Barishal, যশোরের বানান Jessore এর স্থলে Jashore এবং বগুড়া জেলার ইংরেজি বানান Bogra পরিবর্তে Bagura করার বিষয়ে বলা হয়েছে।

জেলার নামের বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধি বা নীতিমালা নেই। তবে নতুন বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের বিষয়গুলো প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকা)সভায় অনুমোদন করা হয়ে থাকে।

এর আগে ২০০০ সালে নিকার সভায় অনুমোদক্রমে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ‘চাপাইনবাবগঞ্জ’ নামকরণ করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন