পর্যটনকেন্দ্রের কাজ পরিদর্শন করলেন এমপি শাহজাহান কামাল
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে দুইটি পর্যটনকেন্দ্রের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। তিনি সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার দালাল বাজার খোয়া সাগর দিঘি ও প্রাচীনতম জমিদার বাড়ির সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা প্রশাষক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খবিরুল আহসান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ প্রমুখ।
বক্তব্যে সাবেক মন্ত্রী শাহজাহান কামাল বলেন, আমি মন্ত্রী থাকাকালীন পর্যটন মন্ত্রনালয় থেকে লক্ষ্মীপুরের পর্যটন কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের জন্য ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্ধ দিয়েছিলাম। সেখানে জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘির জন্যও বরাদ্ধ দেওয়া হয়েছিল। ওই বরাদ্ধ থেকেই জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘি এলাকা পর্যটকদের উপযোগী করে গড়ে তুলতে কাজ চলছে।
ইতিমধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে। কাজ সম্পুর্ন হলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ পর্যটকদের পদচারণায় এই দুইটি পর্যটন কেন্দ্র মুখরিত হয়ে উঠবে।